|
এক হাজতিকে হত্যার অভিযোগে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সোমবার একটি মামলা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়েছে, লুৎফুর মিয়া ওরফে মানিক (৩৮) নামে ওই হাজতিকে নির্যাতনের পর হত্যা করে পুলিশ তা আত্মহত্যা বলে চালাচ্ছে।
মানিকের বাবা আদু মিয়া বাদি হয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন।
এতে আসামি করা হয়েছে থানার ওসি মো. আসাদুজ্জামান, উপরিদর্শক জাহিদুর রহমান ও হারুনূর রশিদকে। এছাড়া আরো তিন-চারজন অজ্ঞাতনামা পুলিশও মানিককে নির্যাতনে জড়িত ছিলো বলে মামলার আরজিতে বলা হয়।
গত ১ ফেব্র"য়ারি কেরানীগঞ্জ মডেল থানা হাজতের শৌচাগার থেকে মানিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, মানিক আত্মহত্যা করেছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলাও করে পুলিশ।
আদু মিয়ার মামলার পর হাকিম শাহরিয়ার আরাফাত অপমৃত্যু মামলাটির নথি তলব করেছেন। নথি দেখে তিনি আদেশ দেবেন বলে আদু মিয়ার কৌঁসুলি আমিনুল গণি টিটো জানিয়েছেন।
আগুনে পুড়িয়ে হত্যার একটি মামলায় সন্দেহভাজন হিসেবে কেরানীগঞ্জের মুন্সী নোয়ার্দা এলাকার মানিককে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, ৩১ জানুয়ারি তাকে গ্রেপ্তার করা হয় এবং রাতেই তিনি হাজতে আত্মহত্যা করেন।
তবে আদু মিয়া অভিযোগ করেন, তার ছেলেকে গ্রেপ্তার করা হয় ২৭ জানুয়ারি। এরপর থানায় রেখে তার ওপর নির্যাতন চালানো হয়।
তিনি ওই মৃত্যুর ঘটনাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের মাধ্যমে তদন্তের আবেদন করেছেন। |