পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের সামচাঁদ রেজি. প্রাথমিক বিদ্যালয়ের চার জন শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের শৌচাগারের ইট, লোহার দরজা, নলকূপ এবং পুরাতন ভবনের কাঠ, টিন ও আসবাবপত্র আত্মসাতের অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে সামচাঁদ গ্রামের মিজানুর রহমান বৃহস্পতিবার গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে ওই চার শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, কিছুদিন আগে সামচাঁদ রেজি. প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়। নতুন ভবনের জায়গা দেওয়ার জন্য বিদ্যালয়ের একটি শৌচাগার ভেঙে ফেলা হয়। এ সময় একটি নলকূপ ও উৎপাটন করতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, সহকারী শিক্ষক মো. মামুন, মো. শামীম ও তোফাজ্জেল হোসেন ভাঙা শৌচাগারের প্রায় পাঁচ হাজার ইট, দুটি লোহার দরজা ও নলকূপটি ভাগাভাগি করে নিয়ে যান। এর আগে বিদ্যালয়ের পুরাতন একটি ভবনের টিন, কাঠ ও আসবাবপত্র ওই চার শিক মিলে আত্মসাত করেন।
এ ব্যাপরে জানতে চাইলে প্রধান শিক মো. জাকির হোসেন বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনীত এ অভিযোগ মিথ্যা ও বানোয়াট। সব ঘটনাই মিথ্যা।’
গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এআরএম মিজানুর রহমান জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সোহরাব হোসেন, পটুয়াখালী। |