|
উত্তর কোরিয়ার হুমকির মুখে রোববার যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সেনারা যৌথ সামরিক মহড়া শুরু করেছে।
পারমাণবিক ক্ষমতাধর উত্তর কোরিয়া শনিবার দক্ষিণ কোরিয়ায় এ মহড়া নিয়ে ওয়াশিংটন ও সিউলের বিরুদ্ধে 'পবিত্র যুদ্ধের' হুমকি দিয়েছে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আসন্ন সামরিক মহড়াকে 'বেপরোয়া' আখ্যা দিয়ে 'প্রয়োজনে যে কোনো সময়ে' এই যুদ্ধ শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে উত্তর কোরিয়া। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, বাকযুদ্ধে তাদের কোনো আগ্রহ নেই।
মার্চে উত্তর কোরিয়াই টর্পেডো দিয়ে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ 'চেওনান' ডুবিয়ে দেয় বলে যে অভিযোগ তা আবারও প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা কমিশন।
এক বিবৃতিতে কমিশন জানায়, রোববার থেকে বড় পরিসরে শুরু হতে যাওয়া দুই দেশের যৌথ সামরিক মহড়ার জবাব বাধ্য হয়ে একই কায়দায় ফিরিয়ে দেবে তারা।
বিবৃতিতে বলা হয়, "পারমাণবিক ক্ষমতার ভিত্তিতে উত্তর কোরিয়ার সেনাবাহিনী ও জনগণ প্রয়োজনে যে কোনো সময় তাদের নিজস্ব পন্থায় যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ এবং দক্ষিণ কোরিয়ার পুতুল বাহিনীর বিরুদ্ধে 'পবিত্র যুদ্ধ' শুরু করবে।"
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াসহ পশ্চিমা অনেক রাষ্ট্রের বিশ্বাস 'চেওনান' ডুবির জন্য উত্তর কোরিয়াই দায়ী। তবে বরাবরই দেশটি এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
ওই জাহাজডুবিতে দক্ষিণ কোরিয়ার ৪৬ জন নাবিক প্রাণ হারান। |