| ঠাকুরগাঁও থেকে ধরে নিয়ে যাওয়া ৩ কিশোরকে বিএসএফ আগামীকালই ছেড়ে দিতে পারে বলে জানিয়েছেন বিডিআর-এর দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল সালেহ আহমেদ। তবে প্রাপ্তবয়স্ক বাকি দুই জনের বিরুদ্ধে কাঁটা তারের বেড়া কাটার অভিযোগ আনতে যাচ্ছে তারা। শুক্রবার শিশু-কিশোরসহ ৫ বাংলাদেশিকে তুলে নিয়ে যাওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ দ্রুতই তাদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে। তবে বিএসএফ-এর ডিআইজি সানজিদ বানদ বিডিআর-এর দিনাজপুর সেক্টর কমান্ডারকে জানিয়েছেন, ৫ জনের মধ্যে দু’জন প্রাপ্ত বয়স্ক এবং তাদের বিরুদ্ধে কাঁটাতারের বেড়া কাটার অভিযোগ আনা হচ্ছে। বিডিআর-এর দাবী, ধরা পড়া ৫ জনই অপ্রাপ্ত বয়স্ক। সেক্টর কমান্ডার জানান, রোববার ভারতের সরকারী ছুটির দিন হওয়ায় বিএসএফ-এর সঙ্গে তাদের পতাকা বৈঠক না হওয়ায় আরো একদিন পিছিয়ে গেছে ফেরত আনার প্রক্রিয়া। |