চুয়াডাঙ্গা জেলার ৫টি রুটে অবৈধ যানবাহন নছিমন, করিমন ও আলমসাধু চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ নিষেধাজ্ঞা অনুযায়ী জেলার প্রত্যন্ত অঞ্চলে জেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং করে প্রচারনা চালানো হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা-জীবননগর, চুয়াডাঙ্গা-ঝিনাইদহসহ জেলার অভ্যন্তরিন ৫টি রুটে নছিমন-করিমন-আলমসাধু চলাচল বন্ধের দাবিতে একমাস আগে পরিবহন ধর্মঘট ডাকে পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। পরে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়ের মাধ্যমে ধর্মঘট প্রত্যাহার করা হয়। ওইসময় ধর্মঘট আহ্বানকারীদের দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসন জেলার নির্দিষ্ট ৫টি রুটে মাইকিং করে স্যালো ইঞ্জিন চালিত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।
চুয়াডাঙ্গা জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘২৬ জুলাইয়ের পর জেলার ৫টি রুটে ইঞ্জিন চালিত যানবাহন চলাচল করলে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট আহ্বান করা হবে।’
এম এ খালেক, চুয়াডাঙ্গা। |