|
পুর্ণিমার প্রভাবে স্ফীত জোয়ারের পানিতে পটুয়াখালী শহর ও উপকূলীয় এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। রোববার দুপুরে জোয়ারের সময় সাগর ও নদ-নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। গতকাল সোমবার দুপুরে জোয়ারের সময় তা আরো বৃদ্ধি পেয়ে পটুয়াখালী শহরের নিম্মাঞ্চলসহ উপকূলীয় এলাকার বেড়ি বাঁধের বাইরে নিম্নাঞ্চল পাবিত হয়।
স্ফীত জোয়ারের পানিতে জেলার পৌর শহরের পোষ্ট অফিস সড়ক, রূপালী সিনেমা সড়ক, মনসাবাড়ি সড়ক, এসডিও রোড, পুরান বাজার, শিমুলবাগ, সেন্টার পাড়া, কাঠপট্টি, আদালতপাড়াসহ বিভিন্ন এলাকা পাবিত হয়। এসময় প্রায় তিন/চার ঘন্টা পৌরবাসীর অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।
এছাড়াও জোয়ারের পানিতে বাউফল, দশমিনা, মির্জাগঞ্জ, গলাচিপা, কলাপাড়া ও দুমকী উপজেলার নিম্নাঞ্চলসহ বেড়ি বাঁধের বাইরে ৩ থেকে ৪ ফুট পানিতে তলিয়ে যায় বলে খবর পাওয়া গেছে।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান বলেন , পূর্নিমার প্রভাবে জোয়ারের সময় পানি বাড়ছে এবং বেড়িবাঁধের বাইরেও চরাঞ্চল পাবিত হচ্ছে। তবে ভাটায় আবার পানি নেমে যাচ্ছে।
পটুয়াখালী প্রতিনিধি। |