|
চিরনিদ্রায় শায়িত হয়েছেন আব্দুল মান্নান ভূঁইয়া। নরসিংদির শিবপুরের ধানুয়ায় নিজ বাড়ির সামনে তাকে দাফন করা হয়েছে।
শিবপুরের লাখো মানুষ চোখের জলে শেষ বিদায় জানিয়েছে তাকে। প্রিয় মানুষ, প্রিয় রাজনীতিক বিদায় বেলায় ছুটে এসেছেন নরসিংদীর মানুষ। আব্দুল মান্নান ভূঁইয়াকে শেষ বারের মতো একনজর দেখতে লাখো মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় শিবপুরের শহীদ আসাদ কলেজ মাঠ। ছাত্র ইউনিয়নে যে আসাদ ছিলেন তার কমরেড, সে আসাদের নামে কলেজ মাঠে বিকেলে গ্রামের বাড়ি মাছিনপুর থেকে নিয়ে আসা হয় আব্দুল মান্নান ভূঁইয়ার মরদেহ।
হৃদয়ের ভালোবাসা আর চোখের জলে তারা শ্রদ্ধা জানায় সারা জীবনের স্পষ্টভাষী আর বেঁচে থাকতে সব সময়ের হাসিমুখ আব্দুল মান্নান ভূঁইয়াকে। শ্রদ্ধা জানাতে এসেছিলেন এক সময়ের রাজনৈতিক সহকর্মী ও সব দলের নেতা-কর্মীরা। আসরের নামাজের পর শুরু হয় নামাজে জানাযা। বেশি ভিড়ের কারণে জানাযা পড়াতে হয় দু দফা। এরপর রাষ্ট্রীয় সম্মান জানানো হয় এ বীর মুক্তিযোদ্ধাকে যিনি নিজেই বাহিনী গড়ে একাত্তরে মুক্তাঞ্চল গড়ে তুলেছিলেন তার জেলায়। জানাজা শেষে ধানুয়ায় তার বাড়ির উঠোনে চিরশয়ানে শায়িত হন সারা জীবন মানুষের পক্ষে থাকা এ রাজনীতিক। |