সাতক্ষীরায় এক শিশুকে তুলে নিয়ে যাবার সময় এক যুবককে আটক করেছে জনতা। বুধবার ভোরে শহরের অদুরে বাঁকাল ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা তাকে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত ছেলেধরার নাম মাছিদুর রহমান (২৩)। সে শহরের কুখরালী এলাকার আকবর আলী ঢালীর ছেলে।
উদ্ধার হওয়া শিশুটির মা নুর নাহার জানান, পরিবারের সদস্যরা অন্যদিনের মত তার বাড়ির বারান্দায় মশারী টানিয়ে ঘুমিয়ে ছিল। ভোর ৪ টার দিকে তার বাড়িতে গিয়ে আটককৃত মাছিদুর রহমান তাদের পাঁচ বছর বয়সী মেয়ে শিশু আয়েশাকে বের করে নিয়ে চলে যাবার চেষ্টা করে। তাদের বড় মেয়ে জোসনা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে ধরে ফেলে। উদ্ধার করে শিশু আয়েশাকে। উদ্ধার হওয়া শিশু ও ছেলেধরা মাছিদুরকে থানায় আনার পর তাদের দেখতে থানায় প্রচুর মানুষের ভিড় জমে।
সাতক্ষীরা সদর থানার ওসি শাহজাহান আলী খান জানান, আটককৃত মাছিদুর পাচারকারি কোনো সিন্ডিকেটের সদস্য কিনা তা খতিয়ে দেখা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। উল্লেখ্য গত কয়েকদিন আগে আশাশুনি থানা পুলিশ একই অভিযোগে এক মহিলাকেও গ্রেপ্তার করে। সম্প্রতি সাতীরায় সবখানে ‘ছেলেধরা” আতংক বিরাজ করছে। অনেক অবিভাবক তাদের বাচ্চাদের নিয়ে উদ্বিগ্নতার মধ্যে রয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি। |