|
শ্রমিকরা ধর্মঘট তুলে নেওয়ায় বুধবার রাত থেকে বড়পুকুরিয়া কয়লা খনিতে কাজ পুরোদমে শুরু হয়েছে।
প্রফিট বোনাসের দাবিতে সোমবার রাতে ধর্মঘট শুরু করেছিলেন এক হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক।
বুধবার রাতে দিনাজপুরের জেলা প্রশাসক আব্দুল জলিলের মধ্যস্থতায় খনি কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে বৈঠকের পরই ধর্মঘট তুলে নেওয়া হয়।
বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বলেন, "খনি কর্তৃপক্ষ সাড়ে ৪ হাজার টাকা প্রফিট বোনাস দিতে সম্মত হওয়ায় বুধবার রাত ১২টা থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।"
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান বলেন, বৈঠকের পর শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের পর কাজে যোগ দিয়েছে।
এর আগে কর্তৃপক্ষ প্রতি শ্রমিককে ৪ হাজার ২০০ টাকা প্রফিট বোনাস দিতে রাজি হলেও শ্রমিকরা তার বেশি দাবি করে আসছিলো।
বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের নিয়োগ করা শ্রমিক-কর্মচারী আছে ১৯৮ জন। চীনা শ্রমিক-কর্মচারী রয়েছে ১৫৫ জন। এর বাইরে একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের (সিএমসি) অস্থায়ী নিয়োগ করা বাংলাদেশি শ্রমিক আছে এক হাজার ৬০ জন। |