|
বেনাপোল কাস্টমস হাউজের পাশে প্রকাশ্য দিবালোকে বৃহস্পতিবার দুপুরে বেনাপোল পৌরসভার টোল আদায়কারী বাদল (৩০) নামে এক যুবককে কুপিয়ে, পায়ের রগ কেটে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করেছে একদল সন্ত্রাসীরা। কাস্টমস হাউজের পাশে ঘটনাটি ঘটলেও পুলিশ কোন সাহায্যে এগিয়ে আসেনি বলে জানা যায়।
প্রত্যদর্শীরা জানায়, বেনাপোল কাস্টম হাউজের পাশে ট্রাক থেকে পৌর সভার টোল আদায় করছিল বাদল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের ৫/৬ জনের একদল সশস্ত্র সন্ত্রাসীরা গাছি দা, লোহার রড, লাঠি, হাতুড়ি নিয়ে অতর্কিত ভাবে হামলা চালিয়ে ও কুপিয়ে তাকে মারাত্মক ভাবে আহত করে। এ সময় সন্ত্রাসীরা তার পায়ের রগ কেটে দিয়ে তার মৃত্যু নিশ্চিত ভেবে চলে যায়। সন্ত্রাসীদের হামলার সময় আশেপাশের লোকজন প্রাণের ভয়েতে নিরাপদ আশ্রয়ে দৌড়াদৌড়ি করতে থাকে। পরে সন্ত্রাসীরা চলে গেলে লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়। প্রকাশ্যে দিবালোকে এ ঘটনায় গোটা বেনাপোল বন্দরে আতংক ছড়িয়ে পড়ে। বাদল স্থানীয় ভবারবেড় গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। পুলিশও ঘটনাস্থলে আসেনি। একের এক সন্ত্রাসী ঘটনায় বেনাপোল বন্দরে আতংক ছড়িয়ে পড়েছে।
জামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি, যশোর। |