|
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে সরকার সব ধরনের প্রচেষ্টা চালাচ্ছে।
শুক্রবার টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী তার নির্বাচনী এলাকার আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন।
বঙ্গবন্ধুর পাঁচ খুনির মৃত্যুদণ্ড কার্যকরের পর এই প্রথম গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।
১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সময় বিদেশে থাকায় বেঁচে যান দুই মেয়ে।
৩৪ বছর পর বিচার প্রক্রিয়া শেষে গত ২৮ জানুয়ারি পাঁচ খুনিকে ফাঁসিতে ঝোলানো হয়। এর একদিন পরই দেশে আসেন যুক্তরাজ্যপ্রবাসী রেহানা।
হাসিনা স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, "আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের আন্দোলন সংগ্রাম, অসীম সাহস ও ধৈর্যের কারণে দীর্ঘ অপেক্ষার পর বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর হয়েছে।"
ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে সকাল সোয়া ১১টার দিকে টুঙ্গীপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী; বোনকে নিয়ে বাবার কবরে ফুল দেওয়ার পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
তাদের সঙ্গে ছিলেন চাচাতো ভাই শেখ হেলাল এবং ফুপাতো ভাইয়ের ছেলে ফজলে নূর তাপস। শেখ হেলালের বাবা শেখ আবু নাসের এবং তাপসের বাবা শেখ ফজলুল হক মনিও ১৫ আগস্ট প্রাণ হারিয়েছিলেন।
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, আওয়ামী লীগ নেতা নাজমা আক্তারসহ দলের স্থানীয় নেতা-কর্মীরাও অংশ নেন মোনাজাতে।
এরপর বঙ্গবন্ধু ভবনে টুঙ্গীপাড়া, কোটালীপাড়াসহ গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় অওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তারা।
শেখ হাসিনা বলেন, "বিএনপি-জামায়াত জোট সরকার বৃহত্তর ফরিদপুর অঞ্চলকে উন্নয়নের দিক থেকে অবহেলিত করে রেখেছিল। আমরা সুষম উন্নয়নে বিশ্বাসী। আমরা সারা দেশে সুষম উন্নয়ন করবো।"
তিনি বলেন, "কর্মসংস্থানের জন্য সরকার সব ব্যবস্থা করবে। কৃষি, পোল্ট্রি, মৎস্যসহ বিভিন্ন খাতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে সরকার। সমবায়ের মাধ্যমে খামারীদের উৎপাদিত পণ্যের বাজার গড়ে তুলে ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।"
বাদ জুমা সমাধিসৌধ মসজিদে বঙ্গবন্ধু পরিবারে পক্ষ থেকে মিলাদ ও শোকরানা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
|