|
ঢাকা-লন্ডনের পথে বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনা শনিবার শুরু হয়েছে। সপ্তাহে দুই দিন এ ফ্লাইট চলবে।
ভাড়া করা বোয়িং ৭৭৭-২০০ ইআর মডেলের উড়োজাহাজ সকাল সোয়া ৯টার দিকে হিথরো পানে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন) মো. আমিনুল হক জানিয়েছেন, এতে যাত্রী ছিলো ৩১১ জন।
শনিবার ও মঙ্গলবার ঢাকা-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট চলবে। আমিনুল বলেন, এর আগে বিমান কখনো ঢাকা-লন্ডন রুটে সরাসরি নিয়মিত ফ্লাইট চালায়নি। বছর দেড়েক আগে অনিয়মিতভাবে কয়েকটি বিরতিহীন ফ্লাইট চালানো হয়েছিলো।
"তাই বলা যায় আজই ঢাকা-লন্ডন রুটে প্রথম নিয়মিত ফ্লাইট চালু হলো।"
বর্তমানে দুবাই হয়ে ঢাকা-লন্ডন রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করে বিমান।
সরাসরি ফ্লাইট এখন এখন দুটি হলেও পরবর্তী সময়ে তা আরেকটি বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে বিমানের পরিচালক জানান।
তিনি বলেন, "ঢাকা-লন্ডন রুটে অনেক যাত্রী আছে। আমরা আশা করছি সরাসরি ফ্লাইট লাভজনক হবে।"
আমিনুল জানান, আপাতত নিজস্ব এয়ারবাস এ-৩২০ মডেলের উড়োজাহাজটি দিয়ে দুবাই হয়ে ঢাকা-লন্ডন চলবে।
বর্তমানে ১৬টি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে বিমান। |