যশোরের শার্শার আমলাই মোহাম্মাদীয়া মহিলা দাখিল মাদ্রাসার জমির ইজারার ৬২ হাজার টাকা স্থানীয় সরকার দলীয় প্রভাবশালী নেতা ও মাদ্রাসা পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য শামসুজ্জামান বুলুর নেতৃত্বে কয়েকজন নীতিবিবর্জিত শিক্ষক আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসীর প থেকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমলাই গ্রামের ৮ ব্যক্তির স্বাক্ষরিত লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার এই মাদ্রাসার উন্নয়নের সভার্থে শিক্ষানুরাগী এলাকাবাসী ৫৩ শতক জমি মাদ্রাসার নামে দানপত্র করে দেন।
মাদ্রাসা পরিচালনা পরিষদ দীর্ঘদিন ধরে আবাদ করে আসলেও দুই বছর ধরে পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য আওয়ামী লীগ নেতা শামসুজ্জামান বুলু, মাদ্রাসার সহকারী সুপার কওসার আলী, সহকারী শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি ইমানুর রহমান ও নজরুল ইসলাম, সহকারী শিক্ষক মহসীন আলীরা কৌশলে এ জমি ইজারা দেন। ইজারার ৬২ হাজার টাকা মাদ্রাসা ফান্ডে জমা না দিয়ে তারা এ টাকা সকলেই ভাগবারোয়রা করে নেন। অভিযোগকারীরা আরও জানান, আত্মসাতের এ টাকা দীর্ঘদিন ধরে তাদের কাছে চাইলেও তারা দিচ্ছে না। এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে প্রেরিত অভিযোগটি তদন্তাধীন রয়েছে বলে জানা যায়। জামাল হোসেন, বেনাপোল, যশোর। |